বাংলাগেজেট রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় প্রটোকলের প্রথা ভেঙে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী এখন থেকে সরকারি গাড়ির পরিবর্তে নিজের কেনা টয়োটা গাড়ি, নিজস্ব চালক ও নিজস্ব অর্থায়নে কেনা জ্বালানি ব্যবহার করবেন।
বুধবার সাভার ও শেরেবাংলা নগরের কর্মসূচি শেষে সচিবালয়ে ফেরার পথে তিনি এই ব্যক্তিগত গাড়িটিই ব্যবহার করেন। যানজটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর প্রটোকলে থাকা গাড়ির সংখ্যা ১৪টি থেকে কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছে।
শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে।
সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকে মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এর ফলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতের কারণে সৃষ্ট বাড়তি যানজট এড়ানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পোশাকধারী পুলিশ দাঁড়িয়ে থাকার প্রচলিত নিয়মটিও বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই জনবান্ধব পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন ইতিবাচক ধারা সূচনা করবে।



