স্পোর্টস ডেস্ক: টানা বর্ষণের কারণে বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ বাতিল হওয়ায় এশিয়া কাপ শেষ নিগার সুলতানা জ্যোতিদের। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো থাইল্যান্ড।
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলার অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বৃষ্টির কারণে ম্যাচই খেলতে পারেনি টাইগ্রেসরা।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টস হওয়ার কথা। সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা। তবে বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বাংলাদেশ ও আরব আমিরাত ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়।
৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ দল থাইল্যান্ড।
৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪। অর্থাৎ, আরব আমিরাতকে হারাতে পারলে দুই পয়েন্ট যোগ হতো বাংলাদেশের। তাতে থাইল্যান্ডের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে সেমিফাইনালে উঠতো নিগার সুলতানার দল। তবে ম্যাচ বাতিল হওয়ায় ৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম দল বাংলাদেশ।



