বাংলাগেজেট রিপোর্ট : জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। একাদশ সংসদের ২২তম এ বিশেষ অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদসহ বিস্তারিত কার্যসূচি চূড়ান্ত হবে। সংসদের এ অধিবেশন চার কার্যদিবসের মতো চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। শুক্রবার বেলা ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে সংসদের বৈঠক শুরু হবে। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন। সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা দুইদিন বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিনই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সংসদে একটি প্রস্তাব এনেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রস্তাব নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধীদলীয় ৭৯ সংসদ সদস্য এর ওপর ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
যা থাকছে প্রথম দিনের কার্যসূচিতে:বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোক প্রস্তাব গ্রহণ করা হবে। এরপর মন্ত্রীদের প্রশ্নোত্তর। প্রথম দিনে সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ, মহিলা ও শিশু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।



