আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সউদী আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের অভ্যন্তরে সিআইএ-র একটি গুরুত্বপূর্ণ দপ্তরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ (WP) মঙ্গলবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মার্কিন দূতাবাসের চত্বরে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CIA) স্টেশন লক্ষ্য করে সন্দেহভাজন ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। প্রতিবেদনে এই হামলাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য একটি ‘প্রতীকী বিজয়’ হিসেবে অভিহিত করা হয়েছে।
জানা গেছে, ড্রোন আঘাত হানার ফলে দূতাবাসের একটি ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ সতর্কবার্তায় জানানো হয়েছে, ধসে পড়া ভবনের অভ্যন্তর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, সিআইএ-র কোনো কর্মী এই হামলায় আহত হননি।
এই হামলার পর থেকে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি, ইরান সরাসরি এই ড্রোন হামলা পরিচালনা করেছে। বর্তমানে দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



