ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজিত নৈশভোজে তিনি এ অবস্থান তুলে ধরে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ের একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে।
উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে বেইজিং পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে বৈঠক করবেন। একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং-এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।



