বাংলাগেজেট ডেস্ক : ওয়াশিংটনের তেহরান বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের আরো ১০ ব্যক্তি ও দুই কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সাইবার নাশকতা’র অভিযোগ আনা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলসহ বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা চালানোর জন্য ওই ১০ ইরানি ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
জো বাইডেন দাবি করেন, ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায়।
ইরানের বিরুদ্ধে এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো যখন জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার দাবি করে, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে কাবু করা যায়নি বলে সাম্প্রতিক সময় বহু মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন।
বিভিন্ন কারণে বিশ্বের দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক কারণে আরোপিত এ নিষেধাজ্ঞার কারণে নিষেধাজ্ঞার শিকার দেশগুলো খাদ্য ও ওষুধের মতো জরুরি নিত্যপণ্য আমদানি করতে হিমশিম খায়। আমেরিকার নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর শীর্ষে রয়েছে ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা, চীন, উত্তর কোরিয়া ও কিউবা।



