spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়ফুলেল শ্রদ্ধায় গার্ড অব অনারে ডা. জাফরুল্লাহকে সম্মাননা

ফুলেল শ্রদ্ধায় গার্ড অব অনারে ডা. জাফরুল্লাহকে সম্মাননা

বাংলাগেজেট রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সর্বজন শ্রদ্ধেয় জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানান ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠান শ্রদ্ধা জানান। আজীবন সাধারণ মানুষের পক্ষাবলম্বী এ মানুষটিকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হয় বিভিন্ন পেশার অসংখ্য খেটে খাওয়া মানুষ।
হাতে ফুল নিয়ে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাঁরই সহকর্মী, সহচর এবং আস্থাভাজনদের।

সকাল ১০টায় বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে পৌঁছয় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। সর্বজনের শ্রদ্ধা জানানোর সময় মরদেহের কফিনের পাশেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী শিরিন হক, মেয়ে সৃষ্টি চৌধুরী এবং ছেলে মাহির চৌধুরী।

সর্ব সাধারণের শ্রদ্ধায় সিক্ত বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে বেলা সাড়ে ১২টায় গার্ড অব অনার প্রদান করে ঢাকা জেলা প্রশাসন। গার্ড অন অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাসভবনে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে। জুমার নামাজ শেষে সেখানে তার চতুর্থ জানাজা শেষে লাশ আবার গণ স্বাস্থ্য কেন্দ্রে রাখা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments