বাংলাগেজেট রিপোর্ট : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সংক্রান্ত উচ্চ আদালতের রায় প্রত্যাহার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় হাজার হাজার শিক্ষার্থী মিলে শাহবাগ মোড় অবরোধ করে। বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ব্যানার পোস্টারসহ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের সামনে দিয়ে আজিমপুর, নীলক্ষেত হয়ে ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ এসে জড়ো হয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, “কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন৷ আন্দোলনের অগ্রভাগে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা ও কোটাবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।



