বাংলাগেজেট রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের দায়েরকৃত আবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংস্কার কাজ চলমান থাকায় ভবন সংলগ্ন (অস্থায়ী) এজলাসে সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন । এরপর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৮ নভেম্বরের মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটরের সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা-গণহত্যার বিচার হবে অপরাধ ট্রাইব্যুনালে।



