আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পসের কোনো ঘাঁটিতে ইসরায়েল হামলা করতে পারেনি। তেহরানভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল তিনটি সামরিক টার্গিটে হামলা চালিয়েছে তবে হামলার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে আইআরজিসি সামরিক কেন্দ্রে কোনো বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।
একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তেহরানের ওপর দিয়ে অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং সেগুলো ধেয়ে আসা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তেহরানের আকাশে একের পর এক আলোর ঝলকানি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো ধেয়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করার ফলে সেগুলো মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। আর এ কারণেই দেখা গেছে আলোর ঝলকানি।
শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল ‘প্রতিক্রিয়া জানাতে বাধ্য’।



