বাংলাগেজেট রিপোর্ট : আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ।
তিনি জানান, ইরানের মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতে পারে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সংযোগ জোরদার হবে।
লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)–র এক অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত ও সহজ করা হবে।
বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে সম্ভাবনার কথাও তুলে ধরেন।
দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহণ সেবা চালুর পরিকল্পনার কথাও জানান। গত বছর ডিসেম্বর থেকে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয়েছে। চাহিদা বাড়ায় এখন সরাসরি কার্গো পরিবহণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।



