বাংলাগেজেট রিপোর্ট : অবশেষে দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন।
তারেক রহমানের এই আগমনকে সুন্দর ও সুষ্ঠুভাবে করতে নানা রকম প্রস্তুতি গ্রহণ করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি’র চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত অবস্থায় বিদেশে রয়েছেন এবং বিগত প্রায় একযুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের গণতন্ত্র উত্তরণের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আমাদের সফলের দারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামে নেতা, এদেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, তিনি আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।
বিএনপি মহাসচিব বলেন, লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ফেব্র“য়ারি মাসের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়।



