স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর থেকে বিপিএলের এবারের আসর সিলেটে শুরু হবে। ২৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২৪ ডিসেম্বর ঢাকার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে যাচ্ছে। সুত্র জানায়, বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান একদম বাতিল হতে যাচ্ছে? মূলতঃ আগামী ২৫ ডিসেম্বর, প্রায় দেড়যুগ পর আবার বাংলাদেশে ফিরবেন বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে রাজধানী ঢাকা তথা বিমান বন্দরে স্মরণাতীতকালের বৃহত্তম লোক সমাবেশ ঘটবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওই বিশাল সংখ্যক মানুষ রাজধানীতে আসলে একটা বিরাট গণ-জমায়েত হবে। পুলিশ , সেনাবাহিনী, বর্ডার গার্ড রেজিমেন্ট, র্যাব, আনসারসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ওই বিরাট সমাবেশের নিরাপত্তা কাজে ব্যস্ত থাকবে।
বিসিবির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে নামী তারকা ও শিল্পীদের অংশগ্রহণের কথা রয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে।



