বাংলাগেজেট রিপোর্ট : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করে তিনি ডাকটিকিটটির আনুষ্ঠানিক উন্মোচন করেন। তেজগাঁও কার্যালয়ে প্রথম স্বাক্ষর ও প্রশাসনিক কার্যক্রমের অংশ।
সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দীর্ঘ সময় পর তেজগাঁও কার্যালয়ে সরকারপ্রধানের উপস্থিতিকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কার্যালয়ে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং খোঁজখবর নেন।
দাফতরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



