বাংলাগেজেট রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন । বুধবার এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঈদের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে যমুনায় সপরিবারে থাকতে শুরু করবেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করায় বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। তবে যমুনা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ের দূরত্ব কম হওয়ায় যমুনাকেই প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী যমুনায় দুটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সূত্র জানায়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবেও যমুনা ব্যবহৃত হয়েছিল। এবার সেখানে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাহিদা অনুযায়ী যমুনার ভেতরের কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাইজিনিক ওয়াশ এবং রঙের কাজসহ পুরনো সিলিং সংস্কারের মতো ছোটখাটো রক্ষণাবেক্ষণ কাজ এখন শেষ পর্যায়ে।



