আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রণালি সুরক্ষায় মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও প্রত্যাশিত সাড়া না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন।
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত ইতোমধ্যে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ইরান ড্রোন ও নৌ-মাইন ব্যবহার করে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করেছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথ বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
জার্মানি, স্পেন, ইতালিসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ জানিয়েছে, আপাতত হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। তাদের এই অবস্থান ওয়াশিংটনের জন্য কৌশলগত চাপ তৈরি করছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বার্লিনে বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া তাদের পক্ষে এমন সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন ও তেল আবিব জার্মানির সঙ্গে পরামর্শ করেনি।



