স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ।
হাবিবুল বাশারের নেতৃত্বাধীন চার সদস্যের নির্বাচক প্যানেল গঠন করেছে বিসিবি।সাবেক পেসার হাসিবুল হোসেন সদস্য হিসেবে থাকছেন। নির্বাচক প্যানেলের নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেনের অধীনে আগের প্যানেলে তিনি দায়িত্ব পালন করেন।
৩৯ বছর বয়সী নাঈম ইসলামের দুই দশকের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করা নাঈমের দখলে রয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির জাতীয় রেকর্ড। ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীও ২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এই প্যানেলে যুক্ত হয়েছেন। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার অবসর গ্রহণের পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেন।



