আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের উদ্দেশেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও শান্তিচুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বুধবার এ তথ্য জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে বাঘায়েই বলেন, “আমরা এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। ইসলামাবাদে প্রথম দফা সংলাপকে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম এবং আমাদের প্রতিনিধিরা সদিচ্ছা নিয়েই সেখানে গিয়েছিল; কিন্তু সেখানে তাদের এমন একটি পক্ষের সঙ্গে বৈঠক করতে হয়েছে— যাদের সদিচ্ছা তো নেই-ই, এমনকি সংলাপের গুরুত্ব বুঝতেও তারা অক্ষম।”
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ তারিখ দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ ফেব্রুয়ারি ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প।
বিরতি ঘোষণার ৩ দিন পর ১১ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে বৈঠকের পরও ব্যর্থ হয় সেই সংলাপ।
বুধবার সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তবে তার একদিন আগেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন ট্রাম্প।
ইসলামাবাদের কয়েকটি সূত্র তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। তারা বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।



