বাংলাগেজেট রিপোর্ট : রাশিয়ায় আবারো বাংলাদেশী আলু রফতানি চালু হতে যাচ্ছে । এ লক্ষ্যে বাংলাদেশ রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও রাশিয়ার পক্ষে ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এ সমঝোতা স্মারক সই হয়। এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার এবং বিএডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া ও মাটি আলু উৎপাদনের জন্য খুবই অনুকূল। বর্তমানে বছরে এক কোটি টনের বেশি আলু উৎপাদন হচ্ছে। আমাদের প্রয়োজন বছরে ৮০ লাখ টন, বাকি ২০ লাখ টন রফতানি করার সুযোগ রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।
তিনি বলেন, ‘রাশিয়ায় দীর্ঘদিন আলু রফতানি বন্ধ ছিল। আমাদের আলু রোগজীবাণুমুক্ত ও নিরাপদ করেছি, এ নিশ্চয়তা পেয়েই রাশিয়া রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ বছর খুব বেশি না হলেও আগামী বছরে দেড় থেকে দুই লাখ টন আলু রফতানি হবে।’



