ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় পাঁচলাইশ এলাকার চালিতাতলী বাজারসংলগ্ন হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এরশাদ উল্লাহর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। এ সময় তিনি ছাড়াও তার আরো দুজন সঙ্গী গুলিবিদ্ধ হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রামের কুয়াইশ এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, চট্টগ্রাম-৮ আসনে দলের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা এসে গুলি করে। এতে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।
তিনি জানান, এরশাদ উল্লাহকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন । পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করছিলেন এরশাদ উল্লাহ। সভা শেষে তিনি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়।



