বাংলাগেজেট রিপোর্ট : দীর্ঘ ১৭ বছর পর দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রেসসচিব বলেন, ‘বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে।’
তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেসসচিব বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক।’
সামনে বড় নির্বাচন—এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, “দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে।
তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরো স্মুথ হবে।”
তারেক রহমানের নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।’
খোদা বকশ চৌধুরী পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ‘এটা রাত ১২টার দিকের ঘটনা। এখনো কারণ জানতে পারিনি।’
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



