আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরান ও ভেনেজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে এই দুই দেশের মোট ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। এছাড়া, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে।



