বাংলাগেজেট রিপোর্ট : নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি- সংবিধান অনুযায়ী এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক আয়োজনের ইঙ্গিত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ নিতে হবে। সে হিসাবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার কথা।
তিনি বলেন, ১৭ তারিখের মধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হবে। এরপর নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা পাবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তা অবহিত করবেন।
এরপর রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। তারপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করে বলেন, আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হতে পারে।



