বিশেষ প্রতিনিধি : ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ রিটার্ন জমা দেয়া যাবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়কর দিবস শীর্ষক সেমিনার থেকে মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
জনগণের সুবিধার্থে রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি সবাইকে মাসের প্রথমেই রিটার্ন জমা দেয়ার জন্য অনুরোধ করেন, যেন মাস শেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাউকে রিটার্ন জমা দিতে না হয়।
এনবিআর জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ রিটার্ন জমা পড়েছে। গত বছর যা ছিল সাড়ে ১০ লাখ। একই সময়ে কর আদায় হয়েছে ৩ হাজার ৪২ কোটি টাকা, গত বছর যার পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ সময় ‘প্রত্যক্ষ কর ব্যবস্থাপনা ও কর নেট সম্প্রসারণ: প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (কর নীতি) ড. সামস উদ্দিন আহমেদ।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপ কমিয়ে আনতে হবে। কর ব্যবস্থা ডিজিটাইজেশনে দেশের বাইরের কোনো ভেন্ডরের ওপর নির্ভর না করে নিজেদের দক্ষ হয়ে উঠতে হবে। যে কমিশনাররা তথ্যপ্রযুক্তির কাজে দক্ষ তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে।



