বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।’
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল দ্য জেনোসাইড স্টপস’ কর্মসূচীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে ফিলিস্তিনের জন্য বিএনপি’র বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ফিলিস্তিনে গণহত্যার পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ যোগাচ্ছে মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ান। আমরা অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সালাহউদ্দিন আরো বলেন, আওয়ামীলীগ ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী ও ইসরাইলপন্থীদের সমর্থক ছিল। বাংলাদেশের পাসপোর্টে ইজরাইল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরাইল নাম প্রত্যাহার করে আওয়ামী লীগ ইসরাইলকেই পরোক্ষ স্বীকৃতি দিয়েছিল।
তিনি বলেন, আমরা যে পরিসংখ্যান পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে, ৫০ থেকে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। প্রকৃতপক্ষে এই পরিসংখ্যানের চেয়েও আরো বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।



