বাংলাগেজেট রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। কোরিয়ান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলটির এ বৈঠক হয়েছে।
চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার একাধিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। কিহাক সাং চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে তিনি সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী।



