আন্তর্জাতিক ডেস্ক দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ইরান। এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। দেশজুড়ে চলা এই তীব্র গণ-আন্দোলনে প্রাণহানির সংখ্যা এই প্রথম তেহরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মকর্তাদের এই মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের হাত রয়েছে। তবে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক কতজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান তিনি বলেননি।
মূলত দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত। গত তিন বছরের মধ্যে এটিই ইরানি প্রশাসনের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হওয়া সামরিক হামলার পর থেকে ইরান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।



