স্পোর্টস ডেস্ক : শুক্রবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আরেক সেমিফাইনালে স্বাগতিক নেপাল খেলবে পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ম্যাচটি বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
সেমিফাইনালে নেপালকে এড়াতে চেয়ে সফল বাংলাদেশ। এজন্য গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারানোর প্রয়োজন ছিল, সাবিনা খাতুনরা শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে লক্ষ্যপূরণ করেছেন। এখন সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটান।
বাংলাদেশের সামনে ভুটানকে সহজ প্রতিপক্ষ বানিয়েছে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত পাঁচ আসরে ভুটানের রেকর্ড খুবই দুর্বল। প্রতিপক্ষের জালে মাত্র তিনবার গোল দিতে পেরেছে দলটি।
অবশ্য এবার ভুটান পাল্টে গেছে। তারা ‘বি’ গ্রুপে শ্রীলংকা ও নেপালের সঙ্গে খেলেছে। এই তিন দলের মধ্য থেকে সেমিফাইনালে নেপালের সঙ্গী হয়েছে ভুটান। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে তারা ৫ গোল দিয়েছে, বিপরীতে একটি গোলও হজম করেনি। আগে কখনই প্রতিপক্ষকে এক ম্যাচে ৫ গোল দিতে পারেনি ভুটানের মেয়েরা। এমনকি কোনো আন্তর্জাতিক ম্যাচও জেতেনি ভুটান! এটা তাদের প্রথম সাফ সেমিফাইনাল। ভুটানকে বদলে দেয়ার নেপথ্য কারিগর ৩৭ বছর বয়সী কোচ কিউং সুক হং, যিনি দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছেন।
গ্রুপ পর্বের তিন ম্যাচে দাপটে জিতে এবার শিরোপার ফেভারিট হয়ে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে, পাকিস্তানকে ৬-০ গোলে ও ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা।
শুক্রবারের খেলায় ভুটানকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলবে বাংলাদেশের মেয়েরা।



