বাংলাগেজেট রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন্র। এসময় তার সফরসঙ্গী হবেন চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ ১৫ জনের একটি দল।
বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যাবার প্রস্তুতি নিচ্ছেন।
খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন। এ ছাড়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে।
জানা গেছে, গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া। চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে ওমরাহ পালনের কথা রয়েছে।



