ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় প্রতিষ্ঠানে অনুদানের বিপরীতে আয়কর রেয়াত সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সম্প্রতি এনবিআরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং গত ০৯ জানুয়ারি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) এনবিআরের আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হয়েছে। এই দফায় বলা হয়েছিল, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত অর্থের জন্য কর রেয়াত প্রযোজ্য হবে।
জানা যায়, শেখ হাসিনার সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ে অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি করদাতারা অনুদান দিলে আয়কর রেয়াত সুবিধা পেয়ে আসছিলেন।
২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারার অধীনে এই সুবিধা প্রদান করা হতো। ফলে ‘জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে যেকোনো করদাতা অনুদান প্রদান করলে সেই অর্থ আয়কর আইনের ধারা ৭৮ অনুযায়ী কর রেয়াত সুবিধা পেত।



