স্পোর্টস ডেস্ক : অফ-স্পিনার সোহেলি আকতারের দুর্দান্ত বোলিংয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ বাকী রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
সোমবার রাতে গ্রুপ-এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে। বল হাতে ৭ রানে ৪ উইকেট নেন সোহেলি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল। প্রথম দুই ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ২ খেলায় ২ করে পয়েন্ট স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের। এখনও পয়েন্টের দেখা পায়নি যুক্তরাষ্ট্র।
টানা ৪ ওভারের এক স্পেলে ৭ রানে ৪ উইকেট নিয়ে স্কটল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দেন সোহেলি। এতে ১৩ ওভার শেষে ৪২ রানে ৬ উইকেট হারায় স্কটল্যান্ড।
এরপর স্কটল্যান্ডের ইনিংসের ইতি টানেন নাহিদা আকতার ও সালমা খাতুন। ইনিংসের ৩ বল বাকী থাকতে ৭৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড। সোহেলী ছাড়া বাংলাদেশের পক্ষে নাহিদা ২টি, সালমা-মেঘলা ১টি করে উইকেট নেন।
আগামীকাল বুধবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।



