বাংলাগেজেট রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। কারণ, এই আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে, একদলীয় শাসন বাকশাল কায়েম করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে।
শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিকেল ৩টায় থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানটি বিএনপির তিন অঙ্গ সংগঠন– যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে আয়োজন করে।
ফখরুল ইসলাম বলেন- এক-দুজন নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। ১৫ বছর সে গোটা জাতির ওপর নির্যাতন চালিয়েছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ২০ হাজারের মতো মানুষকে হত্যা করেছে। ১ হাজার ৭ শর বেশি মানুষকে গুম করেছে।
তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছিল। আমাদের নেতা তারেক রহমান যার দিকে বাংলাদেশ তাকিয়ে রয়েছে, তিনি এখনো দেশে ফিরতে পারেননি। এই অবস্থার অবসান হয়েছে শুধু আমাদের তরুণ ভাইদের জন্য।
তিনি বলেন, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রচেষ্টায় প্রলোগ্রাউন্ড মাঠে আজ অভাবনীয় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামকে আমরা সবাই বিশেষ চোখে দেখি, কারণ আপনাদের এই শহর থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সমাবেশে যোগ দেন। চট্টগ্রামের খেলাধুলা নিয়ে তামিম ইকবাল বলেন, ১৫-২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত, আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব। হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সাথে চিটাগংয়ের স্পোর্টস নিয়ে কথা হয়, কীভাবে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।



