বিশেষ প্রতিনিধি : চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিনই যানবহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। চালুর প্রথম ৯০ দিনে টোল আদায় হয়েছে ১৯৫ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা। যানবাহন চলাচল করেছে ১৪ লাখ ১০ হাজার ৯১৪টি।
প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে দুই কোটি ১৭ লাখ ১২ হাজার ৯১৫ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টালে জানানো হয়, পদ্মা সেতুতে আধুনিক পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে নজরদারি ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যে সেতুটি পুরোপুরি অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসবে। এ ছাড়া সেতুতে রোবটিক ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
জানা গেছে, পদ্মা সেতুতে রেল চালু হলে এই খাত থেকেও বাৎসরিক টোল আসবে। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও ব্রডব্যান্ড লাইন থেকে টোল মিলবে। প্রকল্পের মেয়াদ শেষে প্রতিবছর সরকারের অর্থ বিভাগকে সেতু কর্তৃপক্ষের ঋণের কিস্তি পরিশোধ করা হবে প্রায় ৮২৬ কোটি টাকা।
পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা আছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এরমধ্যে জাপান সরকারের ঋণ মওকুফ ফান্ডের অর্থ ৩০০ কোটি টাকা। যা পরিশোধ করতে হবে না।



