বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম সরকারি চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, “আমি গিয়েছিলাম রাষ্ট্রের জন্য কাজ করতে। সেটা পারিনি বলেই নিজের কাছে ফিরে আসা।” তার পদত্যাগ ঘিরে ইতোমধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সূত্র জানায়, মম গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দেন। ১ জুলাই, অনুদানপ্রাপ্ত সিনেমার প্রজ্ঞাপন প্রকাশের দিনে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
২০২৪-২৫ অর্থবছরে মোট ৩২টি সিনেমাকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঠিক এই প্রক্রিয়ার মধ্যেই মম’র পদত্যাগ আলোচনায় আসে।
মম জানিয়েছেন, এই অর্থবছরে যেসব সিনেমা অনুদান পেয়েছে, সেগুলোর নির্বাচন বা বাছাইয়ে তার কোনো সম্পৃক্ততা ছিল না। পদত্যাগের পর তিনি আর কোনো সভায় অংশগ্রহণ করেননি।
মম বলেন, “ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, তাই শুধু কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। নিয়মের জটিলতা, আমলাতন্ত্র এবং সময় সংকটের কারণে কাঙ্ক্ষিত সংস্কার আনতে পারিনি।”



