বাংলাগেজেট রিপোর্ট: সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ধানমন্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগে অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
এ দিকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।



