বগুড়া প্রতিনিধি : সোশ্যাল মিডিয়ায় বহুল আলোাচিত হিরো আলম। অভিনয়ের পাশাপাশি তিনিরাজনীতিতে নাম লিখিয়েছেন। এবার সংসদের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম। প্রচারনা চালাচ্ছেন বেশ জোরেশারে। অন্যান্য প্রার্থীদের তেমন হাতডাক শোনা না গেলেও নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন এই হিরো।
এবার তার পাশে দাড়িয়ে একতারা প্রতীকে ভোট চাইলেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। নির্বাচনী এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। এ নায়িকা শহরের সাতমাথায় গভীর রাতে প্রচারণা চালান। একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল , আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।
ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি। হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।
হিরো আলম বলেন, ভোটারদের চমক দেখাতে মুনমুন আপুর পাশাপাশি রাতে বগুড়া-৬ আসনে চিত্রনায়িকা জেসমিন, নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পীই ভোট চেয়েছেন। জয়ের ব্যাপারে আস্থা এখনো বিদ্যমান।



