স্পোর্টস ডেস্ক: ফিফা ফান্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়া ও অনিয়ম করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ও জরিমানার কথা জানানো হয়। ইতিমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।
ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। এরপর সর্বনিম্ন দরদাতা কাজের দায়িত্ব পাবে। বাফুফেও সেটাই করেছে। কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পায় ফিফার অডিট কমিটি। ফিফার স্বাধীন নৈতিকতা বিষয়ক কমিটির অ্যাজুডিকেটরি চেম্বারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রযোজ্য কার্যধারায় তদন্তকারী চেম্বার দ্বারা পরিচালিত তদন্তের সময় সংগৃহীত সাক্ষ্যপ্রমাণের পাশাপাশি শুনানি ও উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ যত্ন সহকারে বিশ্লেষণের মাধ্যমে অ্যাজুডিকেটরি চেম্বার নিশ্চিত হয়েছে যে, সোহাগ ২০২০ সালের ফিফা এথিকস কোডের ধারা ১৫ (সাধারণ কর্তব্য), ১৩ (আনুগত্যের দায়িত্ব) ও ২৪ (জালিয়াতি ও মিথ্যাচার) লঙ্ঘন করেছেন। যে কারণে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।



