বাংলাগেজেট রিপোর্ট : হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইসি মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।



