নোয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই হাজারের বেশি গবাদিপশু ভেসে গেছে, আট হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে অন্তত ২০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সোমবার জোয়ারে উপজেলার হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, তমরদ্দি, চর ইশ্বর, সোনাদিয়া ও নিঝুমদ্বীপের নয়টি গ্রামসহ ১৪টি গ্রাম ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে বাড়ি-ঘরে পানিতে ২ শতাধিক পুকুরের মাছ এবং গবাদিপশু ভেসে গেছে।
স্থানীয় জানান, নলচিরা ঘাটের ১০টি দোকান জোয়ারের স্রোতে ভেসে যায়।অনেকে দোকানের মালামাল নিয়ে বেড়িবাঁধের উপরে রাখেন। তবে বেশিরভাগ দোকানের মালামালসহ পানিতে ভেসে গেছে।
জোয়ারের পানি ও টানা বর্ষণে উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ঘর ভেঙে গেছে। এক লক্ষ মানুষ পানিবন্দি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, হাতিয়াতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনো তৈরী হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে।



