বাংলাগেজেট রিপোর্ট : ডিজেল ও কেরোসিনের দাম জুনের জন্য লিটারে ৭৫ পয়সা করে বাড়ানো হয়েছে। লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দাম। নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রলের দাম পড়বে লিটারে ১২৭ টাকা এবং অকটেনে ১৩১ টাকা।
বৃহস্পতিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু হয়। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। আগের মাসের প্রজ্ঞাপনেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। এবারের প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।
চলতি মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৭ টাকা। পেট্রলের ছিল ১২৪ টাকা ৫০ পয়সা। ১২৮ টাকা ৫০ পয়সা ছিল অকটেনের দাম। গত এপ্রিলের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়।



