বাংলাগেজেট রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন এ. কে. এম. মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারের নিয়োগ বাতিল
এতে আরও বলা হয়, এ অবস্থায় মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে।



