spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানিতে সিদ্ধান্ত দেবেন আদালত-কাদের

আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানিতে সিদ্ধান্ত দেবেন আদালত-কাদের

বাংলাগেজেট রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি বলেন, জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে অনুরোধ করছি।

বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না। আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আশা করি বাস্তব সম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

তিনি বলেন, তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেল কি না তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কী করা হবে এখনই এসব বলা সমীচীন হবে না, সে বিষয়ে ভাবছিও না।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের যোগাযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই সমস্যার সমাধান হবে।

এদিকে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে ওনার রাত্রিযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন। অনেকে এ বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments