বাংলাগেজেট রিপোর্ট : জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৯ জানুয়ারি) নড়াইলে কেন্দ্রীয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জন সম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি এ নির্দেশ দেন।
নড়াইল, যশোর ও ঝিনাইদহ এই তিন জেলার আলাদা কর্মশালায় একসঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের মতো আমিও বিগত স্বৈরাচার সরকারের হাতে নির্যাতিত হয়েছি।
১৭ বছরের এসব নির্যাতনের প্রতিশোধ তখনই নেওয়া হবে যখন রাষ্ট্র সংস্কারে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে পারব।
এই কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহসম্পাদক নেওয়াজ হালিমা আরলী। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন।
আলোচকদের মধ্যে সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন আকরামুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।



