বাংলাগেজেট রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবেন না।
শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ১৫ বছরে আমাদের বহু লোক মারা গেছে। জুলাই আন্দোলনে আমাদের ৪২৬ ছাত্র, নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকার) কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, এতে আপত্তি নেই। রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তাভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এ দেশের মানুষ সেটা মেনে নেবে না।
মির্জা ফখরুল বলেন, আপনারা দল করবেন, দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। শুধু আপনাদের এই অনুরোধটুকু জানাব, আপনারা অযথা সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি।
তিনি বলন, শেখ হাসিনা আমাদের বুকে পাথরের মতো বসে ছিল। সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আমরা হাসিনামুক্ত হয়েছি, কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সে গণতন্ত্রে ফিরে যেতে পারিনি।



