বাংলাগেজেট রিপোর্ট : শেয়ারবাজার ব্যবস্থাপনায় নিজস্ব কর্মকর্তাদের ওপর ভরসা রাখতে পারছেন না দেশের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রাশেদ মাকসুদ কমিশন। নিজস্ব কর্মকর্তাদের ওপর ‘নিরঙ্কুষ নির্ভরশীলতা’ কমাতে চায় কমিশন।
অর্থ মন্ত্রণালয়ের থেকে ১৯ জন কর্মকর্তাকে বিএসইসিতে আনতে চায় রাশেদ মাকসুদ কমিশন। এ জন্য মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনজন নির্বাহী পরিচালক, তিনজন পরিচালক, একজন কমিশন সচিব এবং ১২ জন যুগ্ম বা অতিরিক্ত পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে বিএসইসিতে নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে কমিশনের কাজের গোপনীয়তা বজায় থাকবে বলেও মনে করে রাশেদ মাকসুদ কমিশন
গত ৫ মার্চ বিএসইসিতে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে কাছে পাঠানো একটি প্রতিবেদনে এই অনুরোধ জানিয়েছেন বিএইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
একই সঙ্গে বিএসইসিতে সেদিনের ‘হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল ও দ্রুত প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে ৯ দফা সুপারিশ করেছে কমিশন।
চিঠিতে প্রত্যাশিত কর্মকর্তাদের বিএসইসিতে দ্রুত পদায়নের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করার কথা বলা হয়।



