স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে বাংলাদেশের মাটিতে পা রাখলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ ফুটবলারকে বহনকারী উড়োজাহাজ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্যবৃন্দ বিমানবন্দরে হামজাসহ তার পরিবারকে বরণ করে নেন। সঙ্গে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।
হামজাকে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরে বাইরে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষায় ছিল। ব্যানার হাে নিয়ে কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য দাড়িয়েছিলেন। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এ জন্য গণমাধ্যমকর্মীরাও বিমানবন্দরে ভিড় জমান।
হামজা এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।
বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে যান হামজা। সেখানে দু’দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বুধবার ঢাকায় আসার কথা রয়েছে হামজার। জাতীয় দলের ক্যাম্পে যােগ দেবেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডে খেলা এ মিডফিল্ডার হামজার অভিষেক হবে।



