বাংলাগেজেট রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে শফিকুল আলম এ কথা বলেন।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, সবাই উদযাপন করছেন।
প্রেস সচিব বলেন, আমরা চাই নতুন এ বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ সবকিছু দূর হয়ে যাক।
এদিকে এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয় বলে মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভশক্তি।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে চারুকলায় যে নামে চালু হয়েছিল সে নামে শুরু হবে।
পহেলা বৈশাখের সকালে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই মূল সুর ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সমাজের নানা স্তরের মানুষ, যাদের উল্লাসে মুখরিত চারপাশ।



