ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের দেশের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি ও মুজাফ্ফরাবাদে এসব হামলা হয়েছে। সূত্র-বিবিসি ।
পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, ভারত পাকিস্তানের তিনটি শহরে মিসাইল হামলা চালিয়েছে। শহরগুলো হলো বাহাওয়ালপুর, রাওয়ালপিন্ডি এবং মুজাফফরাবাদ।
বাহাওয়ালপুরে হাফিজ সাঈদের একটি মাদ্রাসায় হামলা হয়েছে, তিনটি বিস্ফোরণের শব্দে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ছাড়া কাশ্মীরের মুজাফফরাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ডিজি আইএসপিআর এই হামলার জন্য ভারতকে দায়ী করেছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ভারত সরকার দাবি করেছে যে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন যে, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।



