ডেস্ক রিপোর্ট : টানা দরপতনের ধাক্কা সামলে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ মে) দেশের শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। আগের দিন ১৫০ পয়েন্টের পতন ঘটে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজার নিয়ে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠকের খবরেই বিনিয়োগকারীদের আস্থার কিছুটা প্রত্যাবর্তন ঘটেছে। এই বৈঠক বাজারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আগামী ১১ মে দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং মন্ত্রণালয়ে নীতি-নির্ধারকদের নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এটা শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রথম উচ্চপর্যায়ের আলোচনা।
বাজার বিশ্লেষকরা বলছেন, পূর্বের কোনো সরকার প্রধান এভাবে সরাসরি শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসেননি। শেয়ারবাজার নিয়ে সরকার প্রধানের এমন আগ্রহ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাজারে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক হবে। ড. ইউনূসের উদ্যোগ শেয়ারবাজারের বিনিয়োগকারীরা নতুন করে আশার আলো দেখছে বলে মনে করেন ।
তবে শেষদিন সূচকের সেঞ্চুরি হলেও লেনদেন আগের দিনের তুলনায় কমে গেছে। আগের দিন ৫শ কোটি টাকার লেনদেন হলেও বৃহস্পতিবার ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে।



