বাংলাগেজেট রিপোর্ট : তারেক রহমান বলেন, বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনের সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে।
শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়ি বার্ক অডিটোরিয়ামে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনের সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। স্বৈরাচারের শাসনকালে সাজিদুল ইসলাম সুমনসহ অনেককে গুম করা হয়েছে। ২০১৪ সালে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল মায়ের ডাক নামে একটি সংগঠন। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে সুমনের বোনের বাসায় গতকাল অভিযান চালিয়েছে পুলিশ। এখন তারা বলছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রশাসন সুমন সম্পর্কে জানত না, কিন্তু পলাতক স্বৈরাচারের একজন রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটাকে যদি মিলাই, দেখব যে ৫ আগস্ট আরেকজন চলে গিয়েছেন, তার মতোই তিনি চলে গিয়েছেন। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার নাকি এটা জানে না। সবাই প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকার জানেটা কি? সাথে এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার সময় নিয়ে পলাতক স্বৈরাচারদের দেশত্যাগের সময় করে দিচ্ছে। অপরদিকে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচারবিরোধী দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্র তৈরি করতে চাইছে। এ বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে।



